জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গতকাল সোমবার হ্যাক করা হয়েছে। ‘ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাউন্ড হ্যাকার টিম’ নামে একটি দল এর দায় স্বীকার করেছে।
এদিকে কয়েক দিন ধরে ওয়েবসাইটে সমস্যা থাকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি অনেক শিক্ষার্থী। এ ছাড়া গতকাল বিকেলে প্রকাশ হওয়া ব্যবসায় শিক্ষা অনুষদে (সি ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারছেন না ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সি ইউনিটে ৬২০টি আসনের বিপরীতে ৫ হাজার ৫৬৮ জন উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগকে দিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।