জাটকা বিক্রির অপরাধে মাছ ব্যবসায়ীদের জেল–জরিমানা, ৪০ মণ জাটকা জব্দ

যাত্রাবাড়ীতে মাছের বাজারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে জাটকা বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪০ মণ জাটকা জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত ওই অভিযান চালানো হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন র‌্যাব-১০–এর সদস্যরা।

অভিযানে রিত্তিকা ফিশ আড়তকে দুই লাখ, ফ্রেন্ডস ফিশ আড়তকে এক লাখ, আহসানিয়া মাছ আড়তকে এক লাখ ও লাবিব মৎস্য আড়তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রাবাড়ী মৎস্য আড়ত ও সালাম ফিশ আড়তের তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাজহারুল ইসলাম জানান, যাত্রাবাড়ীতে অসাধু ব্যবসায়ীরা জাটকা সংরক্ষণ ও বিক্রি করছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা ৪০ মণ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।