শিশু জিনিয়া অপহরণের মামলায় গ্রেপ্তার লুপা তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে জিনিয়াকে অপহৃত। পরে তাকে উদ্ধার করা হয়।
লুপাকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে লুপা তালুকদারকে আদালতে হাজির করা হয়। আসামি লোপার পক্ষে জামিন আবেদন করা হলে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিএসসি থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নারায়ণগঞ্জের পঞ্চবটির একটি বাসা থেকে শিশু জিনিয়াকে উদ্ধার করে। অভিযোগ উঠেছে, ১ সেপ্টেম্বর রাতে টিএসসি এলাকা থেকে টাকা দেওয়ার কথা বলে ফুসলিয়ে শিশু জিনিয়াকে নিয়ে নারায়ণগঞ্জের ওই বাসায় আটকে রাখেন লুপা তালুকদার।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস প্রথম আলোকে বলেন, জিনিয়াকে যে বাসায় আটকে রাখা হয়েছিল সেই বাসাটি লুপা তালুকদারের কথিত এক বোনের। জিজ্ঞাসাবাদে লুপা তাঁকে লালনপালন করে বড় করে তোলার দাবি করলেও জিনিয়াকে নেওয়ার সময় তার মায়ের সম্মতি নেননি কিংবা শাহবাগ থানার পুলিশকে জানাননি। ঘটনার দিন লুপা তালুকদারের মেয়ে তার সঙ্গে ছিল। তাকে খুঁজছে পুলিশ।