
রাজধানীর জুরাইনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক আরোহী।
আজ শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে জুরাইনে এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান এ তথ্য জানান।
নিহত ব্যক্তির নাম শাকিল হোসেন ওরফে শান্ত (১৮)। আহত হয়েছেন শাকিলের বন্ধু কাজী জিহাদ (১৯)।
এসআই নুরুজ্জামান বলেন, আহত তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা জানান, শাকিলের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। তাঁর বাবার নাম হাবিব ফরাজী।
শাকিল ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। তিনি একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানে কাজ করতেন।
শাকিলের বন্ধু মো. জাহাঙ্গীর জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা কয়েকজন বন্ধু মিলে ডেমরা থেকে মোটরসাইকেলে করে মাওয়ায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক পেছন থেকে শাকিলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও জিহাদ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শাকিলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।