ডিএমপির তিন থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলির আদেশে তাঁদের মধ্যে তিনজনকে ভাষানটেক, শাহ আলী ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছে।

গতকাল রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা অফিস আদেশে এই কর্মকর্তাদের বদলি করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত পাঁচ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাঁদের বদলি বা নিয়োগ করা হলো।

ডিএমপি কমিশনারের আদেশে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদকে ভাষানটেক থানার অফিসার ওসি, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে শাহ আলী থানা, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদপুর থানার ওসি মো.আবদুল লতিফকে ডিবি গুলশান ও গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমানকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।