ঢাকা কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে অযথা ঘোরাঘুরি করতে মানা

ঢাকা কলেজ
ঢাকা কলেজ

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্যবসায়িক এলাকায় ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে কলেজ বাসে যাতায়াতের সময় ইভ টিজিংসহ বিশৃঙ্খল আচরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মইনুল হোসেনের সই রয়েছে।

নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের একাদশ (সেশন ২০২১-২২) ও দ্বাদশ (সেশন ২০২০-২১) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আরম্ভের আগে, ক্লাস চলাকালীন ও ছুটির পরে সিটি কলেজ-আইডিয়াল কলেজসংলগ্ন এলাকার পাশাপাশি নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ বাসে যাতায়াতের সময় ইভ টিজিংসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। কোনো শিক্ষার্থী নিয়ম ও শান্তি-শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে, তার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

১৪ মে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হন।

গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়।

নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে এই ঘটনার সূত্রপাত ঘটে। এর জের ধরে পরদিন ১৯ এপ্রিল দিনভর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী-হকারদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুজন মারা যান। তাঁদের একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন। অপরজন নিউ সুপারমার্কেটের দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। সংঘর্ষে আহত হন অর্ধশত ব্যক্তি।

সংঘর্ষের এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে হত্যা মামলা দুটি, যেগুলোর তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।