ঢাবির জহুরুল হক হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হলের পুকুরে ডুবে প্রাণ হারানো আরিফুর রহমান পলাশ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই পুকুরে তিনি গোসল করতে নেমেছিলেন। ডুবে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ‘লাইফ সাপোর্টে’ রেখে চিকিৎসা দেওয়া হলেও ওই শিক্ষার্থীকে বাঁচানো যায়নি।

আজ রোববার বেলা ২টা ২৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন বলে প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম। নিহত শিক্ষার্থীর নাম আরিফুর রহমান পলাশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ছাত্র ছিলেন। তাঁর বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তিনি জহুরুল হক হলের বর্ধিত ভবনের একটি কক্ষে থাকতেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটবল খেলা শেষে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নামেন আরিফুর।

পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্য পাশে গিয়ে আবার ফিরে আসছিলেন। পুকুরের কিছুটা অতিক্রম করার পর তিনি ক্লান্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যান। বিষয়টি নজরে এলে শিক্ষার্থীদের কয়েকজন পুকুরে নামেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাঁকে উদ্ধার করতে আসে। তবে তার আগেই শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরপরই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সহকারী প্রক্টর আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘বেলা ২টা ২৫ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে ফেরানো যায়নি। চিকিৎসকের ভাষায় এটা “ব্রট ডেথ”। কারণ, সে পানির ওপরে কয়েক মিনিট ছিল। তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তার ছোট ভাই ও খালু ইতিমধ্যে ঢাকায় এসেছেন। মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। আমরা সব ধরনের সহযোগিতা করেছি।’