তামাকের কর বাড়ানোর দাবিতে প্রেসক্লাবে ১৮ সংগঠনের সংহতি

তামাকের কর বাড়ানোর দাবিতে প্রেসক্লাবে তামাকবিরোধী ১৮টি সংগঠন সংহতি প্রকাশ করেছে
ছবি: প্রথম আলো

২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি, সুনির্দিষ্ট করারোপ, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষার দাবিতে সংহতি প্রকাশ করেছে তামাকবিরোধী ১৮টি সংগঠন।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচিতে সংহতি জানানো হয়। কর্মসূচিতে তামাকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেলের ফারহানা জামানসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কর বৃদ্ধির মাধ্যমে তামাকপণ্যের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিকভাবে অনুসৃত পদ্ধতি। কিন্তু কার্যকরভাবে করারোপের অভাবে বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা ও সহজলভ্য হয়ে যাচ্ছে। বিগত বছরগুলোয় সিগারেটের ব্যবহার প্রায় একই রকম রয়েছে। সার্বিকভাবে বিদ্যমান তামাক করব্যবস্থা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘তামাকমুক্ত বাংলাদেশ’ অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারছে না।

সংহতি কর্মসূচি থেকে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সরকারের ধারাবাহিকতায় ব্যাপক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সরকারের তামাকবিরোধী নানাবিধ কার্যক্রমের ফলে তামাক ব্যবহার ২০০৯ সালের তুলনায় ২০১৭ সালে ১৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে বাংলাদেশে এখনো ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ (৩ কোটি ৭৮ লাখ) তামাক (ধূমপান ও ধোঁয়াবিহীন) ব্যবহার করেন। আর ধূমপান না করেও প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্র, গণপরিবহন ও জনসমাগম হয় এমন স্থানে পরোক্ষ ধূমপানের শিকার হন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম বলেন, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

তামাকের কর বাড়ানোর জন্য কয়েকটি প্রস্তাব সংহতি শেষে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি প্রদান করেন তামাকবিরোধী সংগঠনগুলোর নেতারা।

সংহতিতে অংশগ্রহণ করা তামাকবিরোধী প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম, এইড ফাউন্ডেশন, ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ঢাকা আহ্ছানিয়া মিশন, ডেভেলপমেন্ট অ্যাকটিভিস অব সোসাইটি, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, মানস, ন্যাশনাল অ্যান্টি টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা), স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল (টিসিআরসি), তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ), উন্নয়ন সমন্বয়, ভয়েস, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি ট্রাস্ট) ও প্রত্যাশা।