নেশাদ্রব্যমিশ্রিত রুটি খাইয়ে এক দম্পতিকে অচেতন করে ৪০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছেন এক গৃহকর্মী। গতকাল রোববার সকালে রাজধানীর নিকেতনে এ ঘটনা ঘটে।অসুস্থ ব্যবসায়ী দেওয়ান নকিবুল ইসলাম (৩৯) ও তাঁর স্ত্রী মিতা ইসলামকে (৩০) গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা এখন আশঙ্কামুক্ত। দম্পতির স্বজনেরা জানান, ওই গৃহকর্মীর নাম হাসি (৩৬)। নিকেতনের ব্লক-সি-এর ৮ নম্বর সড়কের ৯৩/১ (রূপায়ণ হাউজিং) নম্বর বাসার সি-৬ ফ্ল্যাটে গতকাল সকালেই হাসিকে গৃহকর্মী হিসেবে রাখা হয়। গৃহকর্ত্রী মিতা জানান, সকাল সাতটার দিকে হাসি বাসায় আসেন। এরপর তিনি শুধু রুটি বানিয়ে দেন। ওই রুটি খেয়েই তাঁরা অচেতন হয়ে পড়েন।