
নাগরিক অধিকারকর্মী মিজানুর রহমানকে রাজধানীর জুরাইন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে মিজানুরকে তুলে নিয়ে যাওয়া বা আটকের বিষয়টি নিয়ে লুকোচুরি করছে শ্যামপুর থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুরাইন এলাকার একটি মার্কেটের সামনে থেকে মিজানুরকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ তাঁর স্ত্রীর। মিজানুরের এক বন্ধুও একই কথা বলেন।
মিজানুর বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত। গত মঙ্গলবার জুরাইনে ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ পুলিশের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল–আরোহী এক দম্পতিকে সিগন্যালে আটকানোর ঘটনাকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।
মিজানুরের স্ত্রী শামীম হাশেম প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে তাঁর স্বামী একটা কাজে বাইরে বের হন। কিছুক্ষণ পর তিনি বাসায় ফোন করে জানান, ইউনিফর্ম পরা পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি জুরাইনের বিক্রমপুর প্লাজা মার্কেটের সামনে ছিলেন বলে জানান। তুলে নিয়ে যাওয়ার পর থেকে তিনি আর তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
শামীম হাশেমের ভাষ্য, জুরাইনে পুলিশের ওপর জনতার চড়াও হওয়ার ঘটনা নিয়ে মিজানুর সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। তাঁর আশঙ্কা, এ কারণেই হয়তো মিজানুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তবে পুলিশের ওপর হামলার সময় মিজানুর ঘটনাস্থলে ছিলেন না।
মিজানুরের বন্ধু মাহাতাব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ স্থানীয় একটি মার্কেটের সামনে থেকে মিজানুরকে ধরে করে শ্যামপুর থানায় নিয়ে যায়। আটকের সময় তিনি নিজেই আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। পরে আমি থানায় ছুটে যাই। তবে পুলিশ মিজানুরের সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি।’
মিজানুরকে নিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলাটি তদন্ত করছে ডিবি। মিজানুরকে ডিবি আটক করেছে।’
তবে মিজানুরকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আশরাফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। তবে এই তালিকায় মিজানুর নামের কেউ নেই।’
অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ বলেছেন, মিজানুরকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নিয়ে আসা হয়েছে।
হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় মোটরসাইকেলের চালক সোহাগ-উল ইসলাম রনি, তাঁর স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়া, শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় রনিসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন শ্যামপুর থানার ওসি।
মামলার বিষয়ে গতকাল বুধবার ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন মিজানুর। একটিতে তিনি লেখেন, দুটি ঘটনা ঘটবে বলা যায়। এক. মামলা–বাণিজ্য। দুই. মামলার ভয় দেখিয়ে ঘুষ–বাণিজ্য। এমন একটি রাষ্ট্রে বাস করছি, যেখানে এ ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত চাইব, সে অবস্থাও নেই।
অপর স্ট্যাটাসে মিজানুর লেখেন, জুরাইন পুলিশ বক্স ভাঙচুর—কত কত মানুষ হয়রানি, নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হবে কে জানে। দুঃখের বিষয়—মানুষের পাশে কোনো রাজনৈতিক নেতা বা দল নেই।