ন্যাশনাল টেলিকমের চেয়ারম্যানসহ ২০ জনকে আত্মসমর্পণের নির্দেশ

বিটিআরসির করা মামলায় ন্যাশনাল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহাসহ ২০ জনকে নয় সপ্তাহের মধ্যে নিম্ন-আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় পর্যন্ত তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত প্রতিষ্ঠানটির প্রকৌশলী রাবিয়া জামান ও পরিচালক রেবেকা জাহাঙ্গীরের পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী আনিসুল হক ও এনামুল কবির এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী মামলা পরিচালনা করেন। গত ২৫ মার্চ গুলশান থানায় বিটিআরসি তাঁদের বিরুদ্ধে মামলাটি করে।