ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি গার্মেন্টস শ্রমিকদের

নিম্নতম মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি পূরণের অনুরোধ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। একইসঙ্গে শ্রম (সংশোধন) আইন ২০০৯ বাতিল ও শ্রমিক পক্ষের প্রকৃত প্রতিনিধি নিয়োগসহ অবাধ ট্রেড ইউনিয়ন কার্যকরের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতারা। গতকাল বুধবার রাজধানীর সচিবালয়ে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন ও প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের কাছে দেওয়া এক স্মারকলিপিতে নেতারা এসব দাবি জানান। ১৬টি গার্মেন্টস ফেডারেশনের সমন্বয়কারী মো. শহীদুল্লাহ বাদলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রমমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এসব দাবি নিয়ে বৈঠক করেন।