পঞ্চমী ঘাট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার স্থগিত করেছেন আদালত। কাল শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশন এ নির্বাচনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের ভোটাধিকার বাতিল করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নির্বাচন স্থগিত চেয়ে নারায়ণগঞ্জের সহকারী জজ আদালতে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা এবং সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম আলাদা প্যানেল করে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন ঘিরে ব্যাপক সংঘর্ষ ও কারচুপির আশঙ্কায় বিএনপি নেতা কামরুজ্জামান প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, ‘আদালতের নির্দেশের কপি আমরা হাতে পেয়েছি। নির্বাচন স্থগিত করা হয়েছে।’