প্রস্তাবিত বাজেট দুর্নীতিবান্ধব: এবি পার্টি

প্রস্তাবিত বাজেটকে দুর্নীতিবান্ধব বাজেট আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে এবি পার্টি
ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে দুর্নীতিবান্ধব আখ্যা দিয়েছে এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, সরকার জনবান্ধব বাজেট দিতে পারে না, আওয়ামীবান্ধব বাজেট দিয়েছে। আজ শুক্রবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিবাদ সভায় এসব কথা বলা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, শিক্ষা খাতে এই সরকারের কোনো মনোযোগ নেই। তারা উন্নয়ন বলতে বোঝায় কিছু সেতু আর উড়ালসড়ক। কারণ, এগুলোর মাধ্যমে তাদের লুটের সুযোগ হয়।

পদ্মা সেতু প্রসঙ্গে এই অধ্যাপক বলেন, যা শুরু হয়েছে তা নিছক পাগলামি ছাড়া আর কিছু না। পৃথিবীর কোথাও এ রকম পাগলামি হয় না। ব্রিটিশ আমলে তৈরি হার্ডিঞ্জ ব্রিজ তৈরি হলেও ইংরেজরা এত পাগলামি করেনি।

এবি পার্টির আহবায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘বাজেট আমরা প্রত্যাখ্যান করে শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তা বিশেষ করে অগ্নিনিরোধক যন্ত্রপাতি ক্রয়ের জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি।’

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, অবৈধ সরকার জনবান্ধব বাজেট দিতে পারবে না। জনগণের কল্যাণ তাদের মুখ্য নয়। সংসদের বেশির ভাগ সদস্য ব্যবসায়ী। তাই তাঁরা এই বাজেটে খুশি। বাজেট পাস হয়ে যাবে।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।