উৎসবমুখর পরিবেশে আজ শুক্রবার উদ্যাপিত হলো বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর (সিবিসিবি) সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন পোপীয় দপ্তরের কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। সিবিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ শুক্রবার সকালে সিবিসিবি সেন্টারে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা, ভ্যাটিকানের পতাকা, সিবিসিবির পতাকা উত্তোলন হয়। পায়রা ও বেলুন উড়িয়ে জয়ন্তী উৎসবের সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্বালন ও কেক কাটা হয়। বিকেলে ফার্মগেটে তেজগাঁও চার্চে সিবিসিবির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, জুবিলির স্মরণিকার মোড়ক উন্মোচন এবং খ্রিষ্ট যাগ উৎসর্গ করা হয়।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘বিগত ৫০ বছর সিবিসিবির জন্য ছিল অনেক ত্যাগ, দয়া এবং ভালোবাসার সময়। অনেক অর্জন রয়েছে বাংলাদেশ বিশপ সম্মিলনীর। আশা করি ভবিষ্যতে সবার সহযোগিতায় সিবিসিবি আরও অনেক দূর এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, ‘সিবিসিবি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিকভাবে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্যাথলিক বিশপ-ফাদার-সিস্টার-ব্রাদারদের নির্দেশনা আমাদের পথপ্রদর্শনে সাহায্য করেছে।’ সিবিসিবি নেতৃত্ব গঠনেও সাহায্য করছে বলে উল্লেখ করেন জুয়েল আরেং।
সংসদ সদস্য ঝর্ণা সরকার বলেন, সিবিসিবি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহাবস্থানেরও শিক্ষা দেয়। নারী অধিকার প্রতিষ্ঠার জন্যও সিবিসিবি বিশেষ ভূমিকা পালন করছে। সিবিসিবির কমিশনগুলো সব সময় আর্তমানবতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠায় সিবিসিবি কাজ করছে।
এ সময় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালে ‘বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনী’ আত্মপ্রকাশ করে। সিবিসিবির মাধ্যমে পরিচালিত হচ্ছে নটর ডেম বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট যোসেফ কলেজসহ তিন শতাধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া কারিতাস বাংলাদেশও বাংলাদেশ বিশপ সম্মিলনী দ্বারা পরিচালিত সংস্থা। সিবিসিবির আরও রয়েছে প্রায় ১০০ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এসব প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে নিজেদের জীবনমান পরিবর্তন ও উন্নয়ন করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, খ্রিষ্টান হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মণ্ডলসহ ব্রতধারী এবং খ্রিষ্টভক্তরা।