বাবার মুঠোফোন বন্ধ, খোঁজে বেরিয়ে লাশ পেলেন সন্তান

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে মো. আলাউদ্দিন ভূঁইয়া (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার ফেন্সি মার্কেটের তৃতীয় তলা থেকে আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবার বলছে, ওই মার্কেট নিয়ে মালিকের সঙ্গে অন্য ব্যক্তিদের ঝামেলা চলছিল। এর জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণপদ মজুমদার বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘পেটের বাঁ পাশে ও বাঁ হাতে ছুরিকাঘাত করে মেরে ফেলে তাঁকে রেখে যায় অপরাধীরা। পরে মার্কেটের লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’

এদিকে নিহত ব্যক্তির ছেলে শফিক ভূঁইয়া বলেন, ‘আমার বাবা ফেন্সি মার্কেটে ২০ বছর ধরে নিরাপত্তাকর্মীর কাজ করে আসছিলেন। সম্প্রতি ওই মার্কেট নিয়ে মালিকের সঙ্গে অন্য ব্যক্তিদের ঝামেলার কথা বলে চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি।’ শফিক আরও বলেন, ‘চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায় চলে গিয়েছিলেন বাবা। সেখানে ১৮ দিন ছিলেন। চার দিন আগে আবার মুঠোফোনে কল দিয়ে এনে কাজে যোগদান করানো হয় তাঁকে।’

শফিক বলেন, ‘শুক্রবার কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি বাবা। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে তাঁর খোঁজে মার্কেটে এসে বাবার লাশ দেখতে পাই।’