বাসের রেষারেষিতে কিশোরের মৃত্যু: দুই চালক গ্রেপ্তার

রাজধানীর মগবাজার মোড়ে আজ বৃহস্পতিবার দুই বাসের প্রতিযোগিতার সময় এর মাঝে পিষ্ট হয়ে মো. রাকিব নামের এক কিশোর নিহত হয়
ছবি: প্রথম আলো

রাজধানীর মগবাজারে দুই বাসের রেষারেষির সময় পিষ্ট হয়ে কিশোর রাকিবুলের মৃত্যুর ঘটনায় দুই বাসের চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন ও ইমরান হোসেন।

মঙ্গলবার রাতে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন। তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার মগবাজার মোড়ে সদরঘাট থেকে গাজীপুরগামী আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাস একে অন্যকে পেছনে ফেলতে রেষারেষিতে জড়ায়। এ সময় বাস দুটির মাঝখানে পড়ে প্রাণ হারায় মাস্ক বিক্রেতা রাকিব। পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করতে পারলেও চালকেরা পালিয়েছিলেন।