বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধানগুলো কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইনসচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১-এর বিধানগুলো কার্যকরের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) তিন সদস্যের পক্ষে ২৫ এপ্রিল আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিটটি দায়ের করেন ও গতকাল আদালতে শুনানি করেন। সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান থাকলেও অনেক ক্ষেত্রে বাড়ির মালিকেরা তা মানছে না। তারা আইনের বিধান ভেঙে ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি ও ভাড়াটিয়াদের যখন-তখন বাড়ি ছাড়তে বাধ্য করছে। এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারে ভাড়া আদায় করা হচ্ছে না।