‘ভূমিসেবা পুরস্কার’ পেলেন যাঁরা

ভূমিসেবা সপ্তাহের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ‘ভূমিসেবা’ পুরস্কারপ্রাপ্তরা
ছবি: সংগৃহীত

ভূমি সেবা গ্রাহকদের ভালো সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে এবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের ‘ভূমিসেবা’ পুরস্কার দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯ মে ভূমিসেবা সপ্তাহ ২০২২-এর উদ্বোধন হয়। এ সপ্তাহ শেষ হয় ২৩ মে।

৬৩ জন সহকারী কমিশনার (ভূমি), ৪৪ জন কানুনগো, ৫৩ জন সার্ভেয়ার, ৫৮ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ৫৮ জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ভূমিসেবা সপ্তাহ ২০২২-এ ব্যবস্থাপনা বিভাগে জেলা পর্যায়ে ভূমিসেবা পুরস্কার পেয়েছেন। ব্যবস্থাপনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ভূমিসেবা পুরস্কার পেয়েছেন আটজন সহকারী কমিশনার (ভূমি)। জেলায় সেরা সহকারী কমিশনারদের (ভূমি) মধ্যে থেকে বিভাগীয় পর্যায়ে সেরা সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ছাড়া অন্যান্য পদে বিভাগীয় পর্যায়ে পুরস্কার দেওয়া হয়নি।

সেটেলমেন্ট/জরিপ বিভাগে জেলা পর্যায়ে ১৬ সহকারী সেটেলমেন্ট অফিসার, ১৭ জন উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার এবং ১৭ জন সেটেলমেন্ট সার্ভেয়ার ভূমিসেবা পুরস্কার পেয়েছেন। ভূমি সেটেলমেন্ট/জরিপ বিভাগে জাতীয় পর্যায়ে ভূমিসেবা পুরস্কার পেয়েছেন একজন জোনাল সেটেলমেন্ট অফিসার এবং যুগ্মভাবে দুজন চার্জ অফিসার। জোনাল সেটেলমেন্ট অফিসার এবং চার্জ অফিসার ছাড়া অন্যান্য পদে জাতীয় পর্যায়ে পুরস্কার দেওয়া হয়নি।

যে আটজন জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বিভাগীয় পর্যায়েও সেরা ‘সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে ভূমিসেবা পুরস্কার পান তাঁরা হলেন ঢাকা থেকে লাভলী ইয়াসমিন (ফরিদপুর সদর উপজেলা), চট্টগ্রাম থেকে কে এম আবু নওশাদ (কুমিল্লার তিতাস উপজেলা), রাজশাহী থেকে মো. কাওছার হাবীব (পাবনার সদর উপজেলা), খুলনা থেকে মো. আবদুল হাই সিদ্দিকী (খুলনার বটিয়াঘাটা উপজেলা), বরিশাল থেকে আবদুল কাইয়ূম (পটুয়াখালীর দশমিনা উপজেলা), সিলেট থেকে উত্তম কুমার দাশ (হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা), ময়মনসিংহ থেকে কাউছার আহাম্মেদ (শেরপুরের নকলা উপজেলা) এবং রংপুর থেকে মো. উজ্জ্বল হোসেন (কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা)।

সততা, কর্মদক্ষতা, ভূমিসেবা গ্রহীতাদের সার্বিক সন্তুষ্টিসহ বিভিন্ন সেবার জন্য পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের মূল্যায়ন করা হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়।

রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. আজমল হোসেন এককভাবে এবং ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার মো. আবদুল আজিজ ভূঞা ও রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার মামুন অর রশীদ যুগ্মভাবে নিজ নিজ পদে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় পর্যায়ে ভূমিসেবা পুরস্কার পান।