
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ সোমবার ভোররাত চারটার দিকে লাগা আগুনে পুড়ে গেছে শত শত ঘর। প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি করে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুতের লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। আগুন পুরোপুরি নেভে সকাল ৯টা ১৫ মিনিটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। ঘরহারা মানুষ রাস্তায় ভিড় করেছেন। অগ্নিকাণ্ডে তাঁরা সব হারিয়েছেন। আগুনে পুড়ে গেছে রফিকুলের ঘর।
পোড়া ঘর দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। রফিকুল বলেন, ‘আমি রিকশা চালিয়ে যা আয় করেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেছে।’ রফিকুলের মতো বস্তির আরও অনেকে আগুনে সব হারিয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান এর আগে জানান, ভোররাত চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।