নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী মার্চ মাসের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন না হলে তা ঝুলে যেতে পারে। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, এপ্রিল, মে ও জুনের দিকে সারা দেশে ঝড়-বৃষ্টি থাকে। এ সময় নির্বাচন করা কঠিন হবে। সুতরাং মার্চের মধ্যে নির্বাচন করা না হলে পরবর্তী নভেম্বর-ডিসেম্বরের আগে ডিসিসি নির্বাচন করা যাবে না। সাখাওয়াত হোসেন বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে গঠনতন্ত্রের অসংগতি থাকায় জামায়াতে ইসলামী ও গণফোরামসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আবারও নোটিশ দেওয়া হয়েছে। যাদের গঠনতন্ত্রে সমস্যা আছে তাদের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। যারা এ সময়ের মধ্যে সংশোধন করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।