পার্কিংয়ের পরিবর্তে ভবনের বেসমেন্টের (ভূগর্ভস্থ অংশ) বাণিজ্যিক ব্যবহার বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার মিরপুরের ১২ নম্বর সেকশনের দুটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয় বলে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইমারত নির্মাণ আইন অমান্য করে রাস্তায় নির্মাণসামগ্রী রাখার জন্য রানার গ্রুপ নামের একটি ডেভেলপার কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে ১২ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের দুই পাশের ফুটপাত দখল করে নির্মিত র্যা ম্প উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। তাঁকে সহযোগিতা করেন রাজউকের অঞ্চল-৩-এর পরিচালক খন্দকার অলিউর রহমানসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।