মিরপুরে সাড়ে ৫ ঘণ্টা পর সড়ক থেকে সরলেন শ্রমিকেরা

বেতন–ভাতা বাড়ানোর দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
 ছবি: প্রথম আলো

অবরোধের সাড়ে ৫ ঘণ্টা পর রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর সড়ক থেকে সরে গেছেন বিক্ষোভরত পোশাকশ্রমিকেরা। সেখানে ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।

পুলিশের তথ্য অনুসারে, আজ সকাল ৮টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের সড়কে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৮ থেকে ১০ হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেন। পণ্যের দাম বাড়ার কারণে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, সমস্যা সমাধানে পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমভবনের সম্মেলনকক্ষে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। শ্রমিকদের বিষয়টি জানানো হয়েছে। মানুষের ভোগান্তির বিষয়টি বোঝানোর পরে বেলা দেড়টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

অবরোধের কারণে মিরপুর এলাকায় ব্যাপক যানজট হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীরা। এক স্কুল শিক্ষার্থীর অভিভাবক বলেন, তিনি ছেলেকে নিয়ে অনেক চেষ্টা করেও স্কুলে পৌঁছাতে পারেননি। বাসায় ফিরে এসেছেন। স্কুলে ছেলের পরীক্ষা ছিল। পরে স্কুলে ফোন করে জানতে পারেন, কর্তৃপক্ষ পরিস্থিতি দেখে পরীক্ষা বাতিল করেছে।

মিরপুর–১–এ অবস্থিত ঢাকা অ্যাডভিনটিস্ট প্রি–সেমিনারি অ্যান্ড স্কুলের (ড্যাপস) ভাইস প্রিন্সিপাল থমাস বাড়ৈ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যানজটের কারণে স্কুলে শিক্ষার্থীদের পৌঁছাতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।

মিরপুর সাড়ে ১১ নম্বরে অবস্থিত কসমো স্কুল অ্যান্ড কলেজের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অবরোধের ফলে যানজট হওয়ায় অনেক অভিভাবক স্কুল ছুটির পর সন্তানদের নেওয়ার জন্য সময়মতো স্কুলে পৌঁছাতে পারেননি। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকেরা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের অভ্যন্তরে রেখেছে।’