
মেয়াদোত্তীর্ণ, নকল ও অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগানের নিউ সুইস ফার্মা সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ফার্মেসি থেকে ২৫ লাখ টাকা মূল্যের নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
র্যাব-২–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আজ বুধবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যায় নিউ সুইস ফার্মায় অভিযান চালান। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি ও র্যাব-২–এর একটি দল অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত নিউ সুইস ফার্মাতে নানা রকমের নকল, মানহীন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির প্রমাণ পান। ওষুধের দোকানটির নিবন্ধনহীন গুদামে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে ওষুধ সংরক্ষণের বিষয়ও জানতে পারেন। তখন ভ্রাম্যমাণ আদালত ওই ফার্মেসি সিলগালা করে দেন। ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ওষুধের দোকানটি থেকে ২৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।