
রাজধানীর বাড্ডায় গোয়ালঘরের তালা ভেঙে থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গ্রেপ্তার দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা।
গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন বাড্ডার ছোট বেরাইদের ডগরদিয়া গ্রামের আল মুমিন (২৬) ও ওমর সানি (১৯)।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ৫ মে ডগরদিয়া গ্রামের জাবেদা বেগমের গোয়ালঘরের তালা ভেঙে একটি ষাঁড় চুরি করে নিয়ে যান অজ্ঞাতনামা চোরেরা।
পরদিন জাবেদা বেগম বাড্ডা থানায় দুই–তিনজন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন। পরে বাড্ডা থানা-পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর সবুজবাগের মায়াকানন ক্রসিং থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম মোস্তফা বলেন, যে দুজন গরু চুরির সঙ্গে জড়িত, তাঁরা ডগরদিয়ায় বসবাস করেন। চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এদিকে আজ আল মুমিন ও ওমর সানিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় বাড্ডা থানা-পুলিশ। আদালত রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চুরি যাওয়া গরুর মালিক জাবেদা বেগমের বড় ছেলে অপু রায়হান প্রথম আলোকে বলেন, গরু চুরির সঙ্গে জড়িত ওমর সানি টিকটকে ভিডিও বানান। গত বছরও গরু চুরির সময় ধরা পড়েন তিনি। পরে এলাকার লোকজন গণপিটুনি দিয়েছিলেন। অপু জানান, বাড্ডার ছোট বেরাইদ এলাকায় তাঁদের মতো আরও অনেকে গরু পালন করেন।
অবশ্য আসামি আল মুমিন ও ওমর সানির পক্ষ থেকে আদালতের কাছে দাবি করা হয়েছে, গরু চুরির সঙ্গে তাঁরা জড়িত নন।