রাস্তা থেকে বৃষ্টির পানি সরবে আধা ঘণ্টায়: মেয়র তাপস

দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস
ছবি: সংগৃহীত

আসন্ন বর্ষা মৌসুমে রাস্তা থেকে বৃষ্টির পানি আধা ঘণ্টার মধ্যে সরিয়ে নগরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, গত বর্ষা মৌসুমে এক ঘণ্টার মধ্যে রাস্তা থেকে বৃষ্টি পানি নামিয়ে জলাবদ্ধতা নিরসন করেছেন। এবার আধা ঘণ্টায় সড়ক থেকে পানি সরাবেন। সেভাবেই তাঁদের কার্যক্রম সাজানো হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে মেয়রের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে মেয়র তাপস আরও বলেন, ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়, সেই পানি ধারণ করার ক্ষমতা এই শহরের নেই। তাই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় হয়তোবা পানি জমতে পারে। সেটা যাতে দ্রুত নিষ্কাশিত হয়, সেই লক্ষ্যে সব কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্নভাবে কাজ করবেন। যাতে আধা ঘণ্টার বেশি পানি জমে না থাকে। সেই দৃঢ়তা নিয়ে তাঁরা কর্মপরিকল্পনা সাজিয়েছেন। এতে সফল হবেন বলে আশাবাদী মেয়র।

জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শুরুতে তাঁরা ১২৫টি স্থান চিহ্নিত করেছিলেন জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, এসব জায়গায় আগে বৃষ্টি হলে পানি জমে যেত এবং তা সরতে অনেক সময় লাগত। গত কয়েক দিন আগে হওয়া বৃষ্টিপাতে আরও ১১টি এমন জায়গা তাঁরা চিহ্নিত করেছেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা প্রতিবছর সরকার থেকে বরাদ্দ পেত। তবে তাঁরা বরাদ্দ পাচ্ছেন না। তাই নিজস্ব অর্থায়নে জলাবদ্ধতা নিসরনের কাজ করে যাচ্ছেন।

রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে দীর্ঘদিন সমন্বয়হীনতা ছিল উল্লেখ করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, অন্যান্য সংস্থাকেও সমন্বিত জায়গায় নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের ওপর প্রচুর চাপ ছিল। তবে তাঁরা আপসহীন নীতি অবলম্বন করেছেন। বর্ষা মৌসুমের আগেই চলমান রাস্তার কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুই বছর সফলতা নির্ণয় করার যথার্থ সময় নয় বলেও মনে করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি মনে করেন, মৌলিক যে বিষয়গুলো ছিল, এসব বিষয়ে তাঁরা সফলতা অর্জন করতে পেরেছেন।

দক্ষিণ সিটির বাসিন্দারা এখন স্বাচ্ছন্দ্যে ও সুষ্ঠু পরিবেশে সেবা গ্রহণ করছেন, এমন মন্তব্য করে মেয়র বলেন, দায়িত্বভার গ্রহণের পর অনেক জায়গা থেকে বিভিন্ন বার্তা পেয়েছেন। বিভিন্ন অভিযোগ পেয়েছেন। দিন দিন এমন অভিযোগের সংখ্যা কমে আসছে। এরপরও দুর্নীতি এমন একটি ব্যাধি, যা সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব কাজ। কিন্তু প্রশাসনিক কঠোরতা, এ ব্যাপারে আপসহীন পরিবেশ এবং যখন যে অভিযোগ এসেছে, তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করা এবং পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাঁরা এমন পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন।

মেয়র শেখ ফজলে নূর তাপসের ভাষ্য, ‘সবাইকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের মধ্যে যদি একমাত্র দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে ধরা হয়, তবে সেটা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’

দক্ষিণ সিটির হিসাবে বর্তমানে আড়াই লাখ ব্যক্তি ব্যবসার অনুমতি বা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন। মেয়র বলছেন, তবে বিভিন্ন জরিপে তাঁরা দেখেছেন, ছয় লাখের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ঢাকা শহরে ব্যবসা–বাণিজ্য করতে হলে অবশ্যই বাণিজ্য–অনুমতি নিতে হবে। বাণিজ্য–অনুমতি না নিলে ব্যবসা করতে দেওয়া হবে না। আগামী ১ জুলাই থেকে এ ব্যাপারে আরও কঠোর হবেন তিনি। ছোট হোক বড় হোক, ঢাকা শহরে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করতে দেওয়া হবে না। অনুমতি না নিলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নগরীর শৃঙ্খলা ফেরাতে রাত আটটার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র। তিনি বলেন, সব শহরই নির্দিষ্ট সময় পর্যন্ত চলার পর বন্ধ থাকে। তবে আমাদের শহরের কোনো সময় নেই। যে যার মতো ফ্রি স্টাইলে চলছে।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। খাবার রেস্তোরাঁ রাত ১০টা পর্যন্ত চালু থাকতে পারে। এভাবে ঢাকাকে একটা সময়সীমার আওতায় আনতে হবে। এমনটা করা গেলে সামাজিক ও পারিবারিক বন্ধন দৃঢ় হবে বলেও মনে করেন। তিনি জানান, এ নিয়ে তিনি অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এটি বাস্তবায়নের জন্য কার্যক্রম হাতে নেওয়া হবে। এটি করা গেলে যানজটও নিরসন হবে বলে মনে করেন মেয়র।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।