
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার জের ধরে আগামী রোববার থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা আরও জোরদার করা হবে। ঘটনার পরপর সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তা নিয়ে জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।
রাজধানীর হাইকোর্ট মোড়, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকেই সুপ্রিমকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়। দোয়েল চত্বর এলাকায় আগে থেকেই অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে। ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছুদূর অগ্রসর হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেন। ছাত্রলীগের পাল্টা ধাওয়ায় ছাত্রদল পিছু হটে সুপ্রিম কোর্ট এলাকার ভেতরে ঢুকে যায়। সেখানে তাদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা চড়াও হন। কিছুক্ষণ পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এমনকি সমিতি প্রাঙ্গণে রাখা বিএনপিপন্থী আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়িও ভাঙচুরের মুখে পড়ে।
ঘটনার খবর জেনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। আদালতে দায়িত্বরত পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে তাঁরা কথা বলেন।
এর পরপরই সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তা নিয়ে জরুরি সভায় বসেন। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, সুপ্রিম কোর্টে প্রশাসনের কর্মকর্তারা ও শাহবাগ থানার ওসিসহ নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা আরও জোরদার করা হবে। সুপ্রিম কোর্টের ফটকগুলোতে আগতদের পরিচয় নিশ্চিত করা হবে। বিচারপ্রার্থী ও আদালতসংশ্লিষ্ট কেউ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। বহিরাগত কোনো ব্যক্তি যাতে ঢুকতে না পারে—সে ব্যবস্থাও নেওয়া হবে। নিরাপত্তা নিয়ে বিকেলে আরকটি সভা হয়। সভা শেষে নিরাপত্তার বিষয়ে প্রধান বিচারপতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।’
অন্যদিকে হামলার ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীসহ তিনজন আইনজীবী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপন্থী আইনজীবীরা। হামলার প্রতিবাদে মিছিল ও সমিতি প্রাঙ্গণে তাৎক্ষণিক সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সমাবেশে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণকে শুধু অপবিত্রই করা হয়নি, রক্তাক্ত করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আইনজীবীরা কোর্ট অফিসার। আজকে আইনজীবীদের গায়ে হাত উঠেছে, আইনজীবীদের রক্তাক্ত করা হয়েছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে বহিরাগতদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে মামলা করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।