যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে তরুণদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সরকার-সমর্থক বলে পরিচিত ইউনিয়ন দুটির পক্ষ থেকে গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিচার-কার্যক্রম ব্যাহত করতে দেশব্যাপী জামায়াত-শিবির তাণ্ডব চালাচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা। সাংবাদিক নেতারা আরও বলেন, শাহবাগের তরুণ প্রজন্মের দাবি গণদাবিতে পরিণত হয়েছে।বিবৃতি দেন বিএফইউজে একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে একাংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। বিজ্ঞপ্তি।