সুপ্রিম কোর্টে তথ্য সেল প্রতিষ্ঠা চেয়ে রিট

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

সুপ্রিম কোর্টে তথ্য সেল প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আবেদনকারী হয়ে আজ বৃহস্পতিবার রিটটি দায়ের করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর মৃত্যুদণ্ডাদেশ–সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হয়। ছয় মাস পেরোলেও এই তথ্য সরবরাহ না করায় তথ্য অধিকার আইনের বিধান বাস্তবায়নে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে রিটটি করা হয়েছে।

রিট আবেদনকারীর যুক্তি, ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুসারে সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তথ্য সেল প্রতিষ্ঠা এবং তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান আছে। অথচ সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সুনির্দিষ্ট কোনো তথ্য সেল বা তথ্য কর্মকর্তা নেই। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, অবাধ তথ্যপ্রবাহ ব্যক্তির মৌলিক অধিকার। তথ্য সেল না থাকায় এ অধিকার খর্ব হচ্ছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে রিটে বিবাদী করা হয়েছে।