হাসপাতালে স্ত্রীকে দেখে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তাঁর

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ উড়ালসড়কে আজ বুধবার রাতে গাড়ির ধাক্কায় নাজমুল হাসান ওরফে মামুন (৪০) নামের একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি গুলশান-২ নম্বরে একটি বায়িং হাউসের কর্মকর্তা ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর আজ রাতে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে নাজমুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত তাঁর স্ত্রীকে দেখে মোটরসাইকেলে যাত্রাবাড়ীর শেখদী পশ্চিম পাড়ার বাসায় ফিরছিলেন।

পথে মেয়র হানিফ উড়ালসড়কের যাত্রাবাড়ী অংশে পৌঁছালে পেছন দিক থেকে একটি গাড়ি নাজমুলের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ নাজমুলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই মামুন বলেন, নিহত নাজমুলের বাবার নাম আবদুস সাত্তার। এ ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।