১৪ লাখ টাকার জাল স্ট্যাম্পসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকা থেকে গতকাল বুধবার জাল স্ট্যাম্পসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডির কোতোয়ালি ইউনিট গতকাল দুপুর ১২টার দিকে ৯৩/১ শরত্গুপ্ত রোড গেন্ডারিয়ার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার ও জালিয়াতচক্রের দুই হোতাকে গ্রেপ্তার করে। উদ্ধার করা স্ট্যাম্পের মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শামসুদ্দীন আহমেদ (৫৬) ও বিনয় পাল (৫০)। সিআইডির ঢাকা মেট্রো অঞ্চলের বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ ও এএসপি ফজলুল কবিরের নির্দেশনায় সিআইডির একটি দল এ অভিযান চালায়। এএসপি ফজলুল কবির জানান, কয়েক বছর আগে প্রায় আড়াই কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার হয়েছিলেন শামসুদ্দীন। দীর্ঘদিন ধরে ওই চক্রটি জাল স্ট্যাম্প ছাপানো ও বিক্রির সঙ্গে জড়িত।