ঢাকা উত্তর সিটি করপোরেশন

৭ ওয়ার্ডে ৫২ স্থান জলাবদ্ধ

সম্প্রতি মেয়র উল্লেখ করেন, জলাবদ্ধতার ‘হটস্পট’ আছে ৪২টি। কিন্তু নতুন ৭টি ওয়ার্ডেই ৫২টি জলাবদ্ধ স্থান পাওয়া গেছে।

জমে থাকা পানির কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। গত শুক্রবার দক্ষিণখানের নগরিয়াবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে প্রায় পাঁচ বছর আগে নতুন সাতটি ওয়ার্ড যুক্ত করা হয়। কিন্তু এসব ওয়ার্ডের বাসিন্দাদের জলাবদ্ধতার ভোগান্তি কমেনি।

উত্তর সিটি করপোরেশনের মেয়রের সম্প্রতি উল্লেখ করা তথ্য অনুযায়ী, জলাবদ্ধতার ‘হটস্পট’ আছে ৪২টি। কিন্তু রাজধানীর দুটি এলাকার নতুন ৭ ওয়ার্ডে সরেজমিন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ৫২টি জলাবদ্ধ স্থানের বিষয়ে জানা গেছে। উত্তর সিটিতে ওয়ার্ড আছে ৫৪টি।

সাত ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, জলাবদ্ধতার সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতে জমা পানি ১৫ থেকে ২০ দিনেও সরে না।

দক্ষিণখানের নগরিয়াবাড়ি এলাকাটি ৪৮ নম্বর ওয়ার্ডে। ২০ মে শুক্রবার দেখা যায়, বাসিন্দাদের চলাচলের রাস্তাটি পানিতে ডুবে আছে। বৃষ্টির জমা পানিতে পয়োনালার বর্জ্য মিশে গেছে। এই ওয়ার্ডের আরও পাঁচটি এলাকায় একই চিত্র দেখা যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও ভোগান্তির কথা স্বীকার করেছেন।

কাউন্সিলর আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘অবস্থা চরম খারাপ। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই ৭৫-৮০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। উন্নয়নকাজের বরাদ্দ পাচ্ছি না।’

৫২ স্থান জলাবদ্ধ

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম উল্লেখ করেন, দুই বছর আগে দায়িত্ব গ্রহণের সময় ১৪২টি এলাকায় জলাবদ্ধতার ‘হটস্পট’ ছিল। গত বছর তা ১০১ আর এ বছর ৪২টিতে নেমে এসেছে।

ঢাকা উত্তর সিটিতে যুক্ত নতুন ১৮টি ওয়ার্ডের মধ্যে দক্ষিণখান ও তুরাগ এলাকার ৮টি ওয়ার্ডে যান এই প্রতিবেদক। এ সময় একটি বাদে (৫১ নম্বর) বাকি ওয়ার্ডগুলোর ৫২টি স্থানে জলাবদ্ধতা ছিল।

এর মধ্যে দক্ষিণখানের বিভিন্ন এলাকা নিয়ে গঠিত ৪টি ওয়ার্ডের ৩১টি এবং তুরাগের বিভিন্ন এলাকা নিয়ে গঠিত ৪ ওয়ার্ডের ২১টি স্থানে জলাবদ্ধতা হচ্ছে। এর মধ্যে দক্ষিণখানের ১১ ও তুরাগের ৬টি স্থানে জলাবদ্ধতা প্রকট।

উত্তর সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের ধউর চৌরাস্তা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এলাকা পর্যন্ত সড়কে প্রায় হাঁটুসমান পানি জমে আছে। অথচ দুই বছর আগেও ওই এলাকায় জলাবদ্ধতা হতো না বলে স্থানীয় ব্যক্তিরা জানান। কিন্তু এখন সামান্য বৃষ্টিতেই পানি জমছে।

স্থানীয় বাসিন্দা হাসেম উদ্দিন বলেন, এখন এই রাস্তায় রিকশাও চলে না। রাস্তার একপাশে কিছুটা উঁচু জায়গা দিয়ে হেঁটে চলাচল করতে হয়।

জলাবদ্ধতার কারণ হিসেবে নতুন নালা নির্মাণ না করার পাশাপাশি পুরোনো নালাগুলোর বেহাল অবস্থাকে দুষছেন স্থানীয় ব্যক্তিরা। নিচু জমি ও জলাশয়ের জায়গায় নতুন বহুতল ভবন হয়েছে। বিপরীতে পানিনিষ্কাশনের নালা হয়নি।

অব্যবহৃত অর্থ

গত বছরের জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কোন প্রক্রিয়ায় এ অর্থ ব্যয় করা হবে, তা নির্ধারিত ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণখান এলাকার নতুন যুক্ত একটি ওয়ার্ডের কাউন্সিলর প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুম শেষে বরাদ্দকৃত অর্থ দিয়ে আর কোনো কাজ করা হয়নি। চলতি বছরও কোনো অর্থ বরাদ্দ পাননি।

৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা সরেজমিন জলাবদ্ধ স্থানগুলো পরিদর্শন করে গেছেন। তিনি আশা করছেন, শিগগিরই কাজ শুরু হবে।

দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন যুক্ত ওয়ার্ডগুলো ঢাকা উত্তর সিটির ৬ ও ৭ নম্বর অঞ্চলের আওতাধীন। গত বছর বরাদ্দ হওয়া ওই অর্থের বিষয়ে অঞ্চল দুটির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই অর্থ দিয়ে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হয়েছে। বর্ষা এলেই কাজ শুরু হবে।

জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নতুন যুক্ত ৪৬ নম্বর ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ১৭টি ওয়ার্ডে কাজ শুরু হবে। তিনি বলেন, এসব এলাকা যখন ইউনিয়ন পরিষদের অধীনে ছিল, তখন অপরিকল্পিত বাড়িঘর ও রাস্তাঘাট হয়েছে। এটি জলাবদ্ধতার অন্যতম কারণ। তবে তিনি আশা করছেন এই মৌসুমে জলাবদ্ধতা থাকবে না।