মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান
মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

মোনাশ কলেজ ডিপ্লোমার শিক্ষার্থীদের জন্য ইউসিবির ওরিয়েন্টেশন

মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। গতকাল বৃহস্পতিবার এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশে মোনাশ কলেজ, অস্ট্রেলিয়ার অংশীদার ইউসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিডি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন। নিজ দেশে বসে স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের শিক্ষা অর্জনের সুযোগ পাওয়ায় এটি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত ছিল।

অনুষ্ঠানে অংশ নেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন সারোয়ার উদ্দিন আহমেদ, অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজার শফিক ওয়ায়েসসহ অন্য অনুষদ সদস্যরা।

অতিথিরা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান। এ সময় তাঁরা এমসিডি প্রোগ্রাম–সম্পর্কিত নির্দেশিকা ও অ্যাকাডেমিক কার্যধারাসহ প্রয়োজনীয় অ্যাকাডেমিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সারোয়ার উদ্দিন বলেন, ‘আমি মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রামে সব শিক্ষার্থীকে স্বাগত জানাই। এখানকার অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনায় আপনারা শিক্ষা অর্জনের সুযোগ পাবেন। এটি আপনাদের মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া বা মালয়েশিয়ায় যাত্রা শুরুর অসাধারণ সুযোগ প্রদান করবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ও/এএস/এ/এইচএসসি লেভেলের পরপরই বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মোনাশ ইউনিভার্সিটিতে ডিগ্রি অর্জনের যাত্রা শুরু করার সুযোগ দিচ্ছে ইউসিবি।