
বিএনপিসহ বিরোধীদের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডার শাহজাদপুরের বাঁশতলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ বেলা আড়াইটার দিকে শাহজাদপুরের বাঁশতলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
এই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তৃতীয় দফা অবরোধের মধ্যে গতকাল ও আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি। পরে দলটির মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। গতকাল তৃতীয় দফায় দুই দিনের অবরোধ শুরু হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার অবরোধের তিন দিনে মোট ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আর দ্বিতীয় দফার অবরোধে আগুন দেওয়া হয় ২৩টি গাড়িতে।