
জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের পৈতৃক বাড়িতে পুলিশ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক এ উদ্বেগ জানান।
বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, সাংবাদিক জিল্লুর রহমানকে পুলিশি হয়রানি অনভিপ্রেত ও উদ্বেগজনক। দেশে সাংবাদিকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ মূলত গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টির নামান্তর। সুপরিকল্পিতভাবে এসব হয়রানি করা হচ্ছে।
তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় গণ অধিকার পরিষদ।
২২ ডিসেম্বর রাতে এক ফেসবুক পোস্টে জিল্লুর রহমান বলেন, পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তাঁর পৈতৃক বাড়িতে গেছে। এটা জেনে তিনি বিস্মিত হয়েছেন।
ওই পোস্টে জিল্লুর রহমান লিখেছেন, তিনি ঢাকায় থাকেন, তাঁর একটি অফিসও রয়েছে। কোনো তথ্য দরকার হলে পুলিশ সদস্যরা সরাসরি তাঁর কাছে যেতে পারতেন বা তাঁকে মুঠোফোনে কল করতে পারতেন। তারপরও তাঁরা তাঁর পৈতৃক বাড়িতে গেছেন।
জিল্লুর মনে করছেন, তাঁকে, তাঁর পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। উপস্থাপক হিসেবে তাঁর ভূমিকা এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্যে পুলিশ এটা করেছে।