
এক লাখ টাকা জমা রাখলে মাসে ১ হাজার ৫০০ টাকা মুনাফা দেওয়া হবে। এমন প্রচারণা চালিয়ে প্রায় এক হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা সংগ্রহের পর তা আত্মসাৎ করেন তাঁরা। এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মনির আহমেদ ও তাঁর সহযোগী মো. সাইফুল ইসলাম। গতকাল শনিবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি বলছে, আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড নামের একটি কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তাঁরা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন মনির আহমেদ।
ডিএমপি মিডিয়া সেন্টারে আজ রোববার এই দুজনকে গ্রেপ্তারের বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আহমেদিয়া ফাইন্যান্সে টাকা জমা রাখার পর গ্রাহকদের কয়েক মাস নিয়মিত লভ্যাংশ দেওয়া হতো। পরবর্তী সময়ে প্রতারকেরা টালবাহানা করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যান তাঁরা।
মোহাম্মদ হারুন অর রশীদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি জানিয়েছেন, গ্রাহকদের সঞ্চয়ের টাকা এই প্রতারক চক্র আহমেদিয়া অ্যাপার্টমেন্ট অ্যান্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকার কাফরুল থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।
আহমেদিয়া ফাইন্যান্সের দুজনকে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতিষ্ঠানটির শতাধিক গ্রাহক ডিবি কার্যালয়ের সামনে ভিড় জমান। সেখানে ছিলেন মো. জলিল। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই প্রতিষ্ঠানে দুই দফায় দেড় লাখ টাকা সঞ্চয় জমা রেখেছিলাম।
শুরুর দিকে কয়েক মাস লাভের টাকা পেয়েছি। কিন্তু কয়েক মাস ধরে লাভের টাকা দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। পরে বিনিয়োগের টাকা ফেরত চাইলে খারাপ ব্যবহার করে আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়।’