ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর ফ্রি ভিজিটর পাস রেজিস্ট্রেশনের পেজ থেকে নেওয়া।
ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর ফ্রি ভিজিটর পাস রেজিস্ট্রেশনের পেজ থেকে নেওয়া।

ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনব্যাপী এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, দেশীয় উদ্ভাবন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সামিট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় প্রস্তুতির অগ্রগতির পাশাপাশি এআই প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্যে এর প্রয়োগ, উদ্ভাবনী উদ্যোগের প্রসার ও শিল্প খাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশের এআইভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সেশনগুলোতে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে।

এ ছাড়া সামিট প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের তৈরি প্রযুক্তি, সেবা ও বিভিন্ন বাস্তবমুখী সমাধান প্রদর্শন করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।