গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়ে ফুটপাতের দোকান থেকে মাসে সাড়ে ৪ লাখ আর মালামাল ওঠানামায় আরও ১৮ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে।

রাজধানীর গুলিস্তান এলাকার ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এর গাড়ি পার্কিংয়ের ইজারা পেয়েছে রাইতা ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। তবে মার্কেটের সামনের ফুটপাতের দোকানিদের কাছ থেকেও দৈনিক ভিত্তিতে টাকা নিচ্ছে তারা। পাশাপাশি দেশের দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে।
রাইতা ট্রেড ইন্টারন্যাশনালের ‘প্রকৃত মালিক’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল। খোঁজ নিয়ে জানা গেছে, করপোরেশনের কাউন্সিলর হিসেবে ওই সংস্থার ইজারা নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে। এ জন্য যুবলীগের এক নেতার নামে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এর তিনটি ভবনের পার্কিং ইজারা নিয়েছেন তিনি। গত বছরের নভেম্বর মাসে এক বছরের জন্য রাইতা ট্রেড ইন্টারন্যাশনালকে ৪৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকায় এই ইজারা দিয়েছে দক্ষিণ সিটি।
মার্কেটের দোকানিদের অভিযোগ, ফুটপাতের দোকানিদের দৈনিক ১০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। গত ডিসেম্বর মাসে ২০০ টাকা করে চাঁদা নির্ধারণ করা হয়েছিল। তবে তাঁদের আপত্তির মুখে কমানো হয়। সাইফুল নামের এক ব্যক্তির মাধ্যমে চাঁদার এই টাকা তোলা হচ্ছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের কাছ থেকে মালামালের জন্য বস্তাপ্রতি নেওয়া হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা।
মালামাল লোড-আনলোডের জন্য তাদের (রাইতা ট্রেড ইন্টারন্যাশনাল) ইজারা দেওয়া হয়নি। তাদের গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার যদি মালামাল লোড-আনলোডের জন্য টাকা নিয়ে থাকেন, তাহলে তাঁর ইজারা বাতিল করা হবে।মো. রাসেল সাবরিন, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ের নগর ভবনের ঠিক দক্ষিণ পাশেই ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এর অবস্থান। এই মার্কেটে তিনটি বহুতল ভবন রয়েছে। এসব ভবনকে এ, বি ও সি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ ব্লকের নাম ‘সিটি প্লাজা’, বি ব্লকের নাম ‘নগর প্লাজা’ আর সি ব্লকের নাম ‘জাকের সুপারমার্কেট’।
ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এর দোকানিদের হিসাবে, বর্তমানে মার্কেটের সামনের ফুটপাতে দেড় শর মতো দোকান রয়েছে। প্রতি দোকান থেকে ১০০ টাকা হিসাবে দৈনিক ১৫ হাজার টাকা নিচ্ছেন কাউন্সিলরের লোকেরা। মাসে এই খাতে টাকার পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
বর্তমানে ব্যবসায় কিছুটা মন্দা চলছে জানিয়ে দোকানিরা বলছেন, ভরা মৌসুমে ফুটপাতে অন্তত ৩০০ দোকান বসে। এর বাইরে মার্কেট থেকে মালামাল কেনার পর তা বস্তায় ভরে নিচে নামালেই কাউন্সিলরকে টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের অন্তত ২০০ ব্যবসায়ী এই মার্কেট থেকে পণ্য কেনেন। প্রতি বস্তায় গড়ে ৩০০ টাকা চাঁদা ধরলে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে। মাসে এ চাঁদার পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ টাকা।
তবে এসব অভিযোগের বিষয়ে কোনো দোকানি বা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কোনো ব্যবসায়ী প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। এর কারণ ব্যাখ্যায় তাঁরা বলেন, চাঁদাবাজদের অত্যাচারে তাঁরা সব সময় তটস্থ থাকেন। চাঁদাবাজেরা অনেক ক্ষমতাশালী। তাই ব্যবসায়িক ক্ষতি এড়াতে নিরুপায় হয়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।
মালামাল ওঠানামার ক্ষেত্রে টাকা নেওয়ার রসিদ দেওয়া হচ্ছে। ওই রসিদ অবশ্য গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি করা। এসব রসিদে লোড-আনলোড লিখে চাঁদা আদায় করা হচ্ছে। এমন কয়েকটি রসিদ প্রথম আলোর কাছে রয়েছে।
একাধিক দোকানি প্রথম আলোকে বলেন, গাড়ি পার্কিংয়ের ইজারা নেওয়া হলেও সেখানে প্রতিদিন কয়েকটি মোটরসাইকেল ছাড়া অন্য গাড়ি থাকে না। গাড়ি পার্কিংয়ের ইজারার কার্যাদেশ দেখিয়ে কাউন্সিলর মূল মার্কেটের নিয়ন্ত্রণ নিতে চান। তাই ইজারার টাকা তুলতে চাঁদাবাজিতে নেমেছেন কাউন্সিলর।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মো. আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমার বদনাম করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে।’ ফুটপাত থেকে দোকান সরাতে ম্যাজিস্ট্রেট নিয়ে আসেন বলেও জানান এই জনপ্রতিনিধি। তাঁর দাবি, মালামাল ওঠানো-নামানোর জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না।
ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগ সূত্র বলছে, মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পর ২০২০ সালের ডিসেম্বর মাসে পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযান শেষে ওই জায়গা গাড়ি পার্কিংয়ের উপযোগী করা হয়। এরপর গত বছরের নভেম্বর মাসে এক বছরের জন্য রাইতা ট্রেড ইন্টারন্যাশনালকে ইজারা দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি থেকে গাড়ি পার্কিংয়ের জন্য ইজারার যে শর্ত দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, গাড়ি পার্কিং ছাড়া সেখানে অন্য কোনো ব্যবসা করা যাবে না। অন্য ব্যবসা করলে ইজারা বাতিল বলে গণ্য হবে।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, মালামাল লোড-আনলোডের জন্য তাদের (রাইতা ট্রেড ইন্টারন্যাশনাল) ইজারা দেওয়া হয়নি। তাদের গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার যদি মালামাল লোড-আনলোডের জন্য টাকা নিয়ে থাকেন, তাহলে তাঁর ইজারা বাতিল করা হবে।
আর ফুটপাত থেকে চাঁদা নেওয়ার বিষয়ে এই কর্মকর্তা বলেন, ফুটপাতে থাকা দোকান উচ্ছেদে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে। প্রয়োজনে আরও অভিযান চালিয়ে মানুষের হাঁটাচলার রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে।