
এই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত আঞ্চলিক উৎসবে বিজয়ী হয়েছিল। নানা প্রান্ত থেকে তারা আজ রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে জড়ো হয়েছে জাতীয় উৎসবে অংশ নিতে। দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর জাতীয় পর্ব আজ শুক্রবার সকালে শুরু হয়েছে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে। এ উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ২৪৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে৷
সকাল নয়টায় উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। জাতীয় সংগীত পরিবেশন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।
উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। তিনি বলেন, ‘অন্যান্য বছরের মতো গণিত উৎসবের এবারের আয়োজনেও অংশ নিতে পেরে আমরা আনন্দিত।’
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘এ অলিম্পিয়াডের মধ্য দিয়ে দেশে গণিতের সংস্কৃতি শুরু হয়। এই গণিত উৎসবের ফলে সারা পৃথিবীতে বাংলাদেশের একটা শ্রেয় ভাবমূর্তি তৈরি হয়েছে। একটি থিংকিং ন্যাশন (চিন্তক জাতি) তৈরি করতে চাই৷ এর জন্য গণিত আবশ্যক। এমন কোনো বিষয় নেই, যেখানে গণিত ছাড়া চলবে৷’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের সাবেক অধ্যাপক অমল কৃষ্ণ হালদার বলেন, ‘তোমাদের মাঝেই আমাদের আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ৷ আগামী বিশ্ব হবে চতুর্থ শিল্পবিপ্লবের। সেখানে জয়ী হতে গেলে গণিত হবে শ্রেষ্ঠ হাতিয়ার। তোমরা সেই হাতিয়ারকে ধরে এগিয়ে নেবে দেশকে।’
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, ‘ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা পেয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। এই মাসে এই অনুষ্ঠানে প্রত্যাশা, দেশের আশা-আকাঙ্ক্ষা তোমাদের দিয়ে পূরণ হবে।’
গণিতে ভালো না হলে বড় হওয়া যাবে না বলে মন্তব্য করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, অনেক না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না। পাঠ্যবই পড়তে হবে, পত্রিকা-ম্যাগাজিন পড়তে হবে। খেলতে হবে, কল্পনা করতে হবে৷ তোমাদের হাত ধরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ আরও সোনা জিতবে৷’
শিক্ষার্থীদের উদ্দেশে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘তোমাদের দিকে সারা বিশ্ব তাকিয়ে। গণিত না শিখলে এগিয়ে যাওয়া যাবে না। এই শিক্ষার্থীরাই একদিন হবে গণিতবিদ, প্রকৌশলী, বিজ্ঞানী। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়ে পড়বে বাংলাদেশের শিক্ষার্থীরা৷’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গণিত উৎসবে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে৷ তাদের হাসিমুখ, সরব উপস্থিতি মন ভালো করে দেয়। প্রথম আলো ২৫ বছরে পা রাখছে৷ বাংলাদেশের যা কিছু ভালো তার সঙ্গে থাকতে চায় প্রথম আলো। আমাদের একটাই লক্ষ্য, সব বিষয়ে বাংলাদেশের জয় দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, কথাসাহিত্যিক ও মনোচিকিৎসক মোহিত কামাল ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
উদ্বোধনী পর্বের পর ৯টা ৫৫ মিনিটে শুরু হয় গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব। প্রাইমারি দুই ঘণ্টা, জুনিয়র তিন ঘণ্টা, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা চলবে সাড়ে তিন ঘণ্টা। পরীক্ষা শেষে খুদে গণিতবিদেরা আবারও মাঠে জড়ো হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভীরা, রুবিকস কিউব প্রতিযোগিতা, দাবাসহ নানা আয়োজন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। উদ্বোধনীর আগে সকাল আটটা থেকে উৎসবস্থলে অঞ্চলভিত্তিক বুথে শুরু হয় আঞ্চলিক উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। উৎসবে প্রাথমিক চিকিৎসা সহায়তা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।
এবার উৎসবের মধ্য দিয়ে চলতি বছরের জুলাই মাসে জাপানের চিবা শহরে অনুষ্ঠেয় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হচ্ছে। এবার গণিত উৎসবের জন্য সারা দেশ থেকে অনলাইনে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২০টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হয়।
ফলাফল ও উৎসবের অন্যান্য খবর মিলবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট matholympiad.org.bd এবং facebook.com/BdMOC অফিশিয়াল ফেসবুক পেজে।