ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ ছাড়া গাড়ি গণনা করতে এক্সপ্রেসওয়েতে লোক রাখা হবে বলে বিবিএ জানিয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) প্রকল্প। প্রকল্পটির তত্ত্বাবধানে আছে বিবিএ। নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)।

টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) কাজে চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের সম্পৃক্ততার বিষয়ে এফডিইইর কাছে ব্যাখ্যা চেয়েছে বিবিএ। গতকাল বৃহস্পতিবার সকালে বিবিএর এ–সংক্রান্ত চিঠি পায় এফডিইই। চিঠিতে তারিখ দেওয়া ১৮ নভেম্বর (বুধবার)।

এফডিইইকে দেওয়া বিবিএর চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে তিনটি বিষয়ে বিস্তারিত লিখিত ব্যাখ্যাসহ সংশ্লিষ্ট নথিপত্র দিতে বলা হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ চুক্তিগত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্রুতগতির উড়ালসড়কটি দিয়ে চলাচল করা প্রকৃত যানবাহনের চেয়ে কম সংখ্যা দেখাচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ পদাবনতি করার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দেয় পুলিশের বিশেষ শাখা (এসবি)। এই প্রতিবেদনের তথ্যসহ নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রথম আলো প্রতিবেদনটি প্রকাশ করে।

এফডিইই–কে চিঠি পাঠানোর তথ্যের সত্যতা গতকাল রাতে প্রথম আলোকে নিশ্চিত করেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘আমরা চিঠি পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছি। গাড়ি গণনা করতে এক্সপ্রেসওয়ের ২২টি লেনে লোক বসাবে বিবিএ। ম্যানুয়ালি গুনে দেখা হবে, কত গাড়ি চলাচল করে। এ বিষয়ে দরপত্র আহ্বান করা হয়েছে।’

এফডিইইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, শ্যানডং হাইস্পিড সরাসরি টোল আদায়সহ পরিচালনা–রক্ষণাবেক্ষণের কাজ করছে। অথচ এফডিইই আগে জানিয়েছিল, এক্সপ্রেসওয়ের পরিচালনা–রক্ষণাবেক্ষণের দায়িত্ব এককভাবে তাদের। কোনো তৃতীয় পক্ষকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হয়নি।

বিবিএর চিঠিতে শ্যানডং হাইস্পিডের কার্যক্রমে তিনটি গুরুতর চুক্তিগত ও অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।

প্রথমত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদিত কার্যপরিধির বাইরে টোল আদায়সহ ওঅ্যান্ডএম কার্যক্রম পরিচালনা। চিঠিতে বলা হয়, শ্যানডং হাইস্পিড ছয় বছরের জন্য শাখা অফিস পরিচালনার অনুমোদন পেয়েছিল। তবে এই অনুমোদন ছিল অবকাঠামো প্রকৌশল নকশা ও পরামর্শ, ট্রাফিক প্রকৌশল, সেতু–মহাসড়কসংক্রান্ত কার্যক্রমের জন্য। সরাসরি টোল আদায় ও এক্সপ্রেসওয়ের পরিচালনা-রক্ষণাবেক্ষণ অনুমোদিত কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল না। বিডা (বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ) ও বিবিএর প্রয়োজনীয় অনুমোদন ছাড়া টোল আদায়ের কাজে শ্যানডং হাইস্পিডের যুক্ত হওয়া চুক্তির বিধান লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, শ্যানডং হাইস্পিডের নিবন্ধিত অফিসের ঠিকানা এবং বাস্তবে কার্যক্রম পরিচালনার জায়গায় অসংগতি। চিঠিতে বলা হয়, বিডার নথিতে প্রতিষ্ঠানটির অফিসের ঠিকানা উত্তর বাড্ডার রহমান ম্যানশনের চতুর্থ তলা। কিন্তু সরেজমিন যাচাইয়ে সেখানে প্রতিষ্ঠানটির অফিস পাওয়া যায়নি। এই ঠিকানায় অন্য একটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। শ্যানডং হাইস্পিড ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িলের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিং থেকে কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের এই ভবন ব্যবহারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে অথবা কোনো সাব–লিজের আওতায় ব্যবহার করা হচ্ছে কি না, তা জানতে চেয়েছে বিবিএ। এ বিষয়ে বিডা ও বিবিএকে অবহিত করা হয়েছিল কি না, কিংবা তাদের সম্মতি নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তৃতীয়ত, বৈদেশিক মুদ্রা বিধিবিধান লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সের অভিযোগ। চিঠিতে বলা হয়েছে, বিডার নির্দেশিকা ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ অনুযায়ী শাখা অফিস অনুমোদনের ৩০ দিনের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার বাধ্যবাধকতা আছে। কিন্তু শ্যানডং হাইস্পিড তা করেনি। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন শেষ হয়েছে। এখন পর্যন্ত নবায়নের আবেদন তারা জমা দেয়নি।

বিবিএ বলেছে, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত অনিষ্পন্ন সমস্যার মধ্যে কোনো প্রতিষ্ঠানকে এক্সপ্রেসওয়ের টোল আদায়ের কাজে যুক্ত করাটা গুরুতর আইনগত ও আর্থিক ঝুঁকি তৈরি করে।

এর আগে শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে গত ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দিয়েছিল বিবিএ। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানিয়েছিল, শ্যানডং হাইস্পিড আলাদা নিবন্ধন নিলেও এক্সপ্রেসওয়ের পরিচালনা–রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি। এফডিইই একাই এই দায়িত্ব পালন করছে।

তবে গত বছরের ২৯ অক্টোবরের এক চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেকে এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে। এসবির তদন্ত প্রতিবেদনে যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিডের টোল আদায়ের বিষয়টি উঠে আসে।

এবারের চিঠিতে বিবিএ বলেছে, এফডিইইর আগের জবাব গ্রহণযোগ্য নয়। তাদের বিশদ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।