আজিমপুরে ফুটপাত থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের পাশের ফুটপাত থেকে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। কিশোরের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, তার বয়স ১১ থেকে ১২ বছর।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ফুটপাত থেকে প্রতিবন্ধী ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কয়েক দিন ধরে ফুটপাতে কিশোরকে পড়ে থাকতে দেখে আশপাশের মানুষ পুলিশকে জানায়।

এদিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন এক প্রতিবন্ধী কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কিশোরকে ১ ফেব্রুয়ারি হাসপাতালের পুরোনো ভবনের ১১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় পড়ে থাকতে দেখা যায়। পরে ভর্তি করা হয় শিশু ওয়ার্ডে। ৮ ফেব্রুয়ারি তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

রোববার সন্ধ্যায় মেডিসিন বিভাগে গিয়ে চিকিৎসাধীন ওই প্রতিবন্ধী কিশোরকে খুঁজে পাওয়া যায়নি। সেখানে দায়িত্বরত একাধিক নার্স ও ওয়ার্ড বয়ের সঙ্গে কথা বলেও ওই কিশোরের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পাঁচ নম্বর ইউনিটের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতিম সাহা প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিন আগেও ওই রোগীকে (নিখোঁজ কিশোর) দেখেছি। ওয়ার্ড বয়রা তাকে গোসল করিয়ে বারান্দায় রেখেছিল। তবে এখন সে কোথায় আছে, সেটা জানা নেই।’

এসআই মোখলেছুর রহমান বলেন, আজিমপুর থেকে উদ্ধার হওয়া প্রতিবন্ধী কিশোরের সঙ্গে হাসপাতাল থেকে নিখোঁজ কিশোরের চেহারার অনেক মিল আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরের বিষয়টি তদন্ত করা হচ্ছে।