মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ, দুই তরুণ ছুরিকাহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্বজনদের দাবি, তাঁরা ওই সংঘর্ষের সঙ্গে যুক্ত নন।

আহত দুই তরুণ হলেন মেহেদী হাসান (২০) ও পারভেজ (১৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী হাসানের বড় ভাই নাজমুল হাসান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের সিটি হাউজিংয়ে তাঁর বাসা থেকে মেহেদী মায়ের জন্য খাবার নিয়ে বাইসাইকেলে করে সেখানকার মেট্রো হাউজিংয়ে যাচ্ছিলেন। এ সময় বছিলা ৭ নম্বর রোডের বেশ কিছু ছেলে দৌড়ে যাকে সামনে পেয়েছে তাকে মারধর করছিল। তারাই মেহেদীর সারা শরীরে ছুরিকাঘাত করেছে।

নাজমুল হাসান আরও বলেন, তিনি জানতে পেরেছেন ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মেহেদী বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার চাকরি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন পারভেজের খালু মামুন মীর বলেন, দুপুরে বছিলা এলাকার সূচনা হাউজিংয়ের একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন পারভেজ। এ সময় ৫-৬ জন যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। পারভেজ তাঁর বাবার সঙ্গে ভবন নির্মাণে ঠিকাদারি কাজ করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, তিনি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শুনেছেন। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।