
ঢাকা শহরে কত তলা ভবন নির্মাণ করা যাবে, শুধু তা নির্ধারণের জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়নি। এটি করা হয়েছে পুরো ঢাকা মহানগর এলাকার বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে কাজটি করা চ্যালেঞ্জিং। কারণ, সংস্থাটি পেশিশক্তি ও দুর্নীতির সঙ্গে আপস করে। তবে সরকার চাইলে ড্যাপের বাস্তবায়নের মাধ্যমে বাসযোগ্য নগর গড়া সম্ভব।
আজ বুধবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বনানীর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে এ অনুষ্ঠান হয়।
বাসযোগ্য ‘ঢাকা মহানগরী গড়তে বিশদ অঞ্চল পরিকল্পনা’ শীর্ষক এ অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা বলেন, গত ২৩ আগস্ট সরকারের অনুমোদন পাওয়া ড্যাপ ছয় থেকে সাত বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে। এতে চমৎকার কিছু প্রস্তাবনার পাশাপাশি কিছু দুর্বলতাও আছে। ড্যাপে এফএআর (ফ্লোর এরিয়া রেশিও, যার মাধ্যমে ভবনের উচ্চতা ও আয়তন নির্ধারিত হয়) নিয়ে আলোচনা হচ্ছে, এর মাধ্যমে ঢাকা শহরের ভবনের উচ্চতা কমে যাবে। কিন্তু ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালায় এফএআরের যে সূচক দেওয়া হয়েছিল, সেটিই ভুল ছিল। ওই সময় অতি উচ্চমানের এফএআর দেওয়া হয়েছিল বলে পেশাজীবীরাও একমত হয়েছিলেন। বিষয়টি সংশোধনের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও গোষ্ঠী স্বার্থে তার বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, ২০০৮ সালের বিধিমালায় অতি উচ্চমানের এফএআর দেওয়ার কারণেই উত্তরা এলাকা ধ্বংস হয়ে গেছে।
ড্যাপ বাস্তবায়নে রাজউকের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিআইপি সভাপতি বলেন, নতুন ড্যাপের জরিপ অনুযায়ী ঢাকা মহানগরে ২২ লাখ ভবন আছে, যার ৯০ শতাংশই রাজউকের অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছে। এ থেকেই রাজউকের সক্ষমতা বোঝা যায়। তাই ড্যাপ বাস্তবায়নে মহানগর সরকার প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি।
সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের (এইচবিআরসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী আবু সাদেক বলেন, রাজউক নিজেই ভবন নির্মাণ করে, আবার নিজেই ভবনের তদারক করে। একে ‘স্বার্থের দ্বন্দ্ব’ হিসেবে উল্লেখ করে তিনি তদারকির দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়ার আহ্বান জানান। পূর্বাচল, ঝিলমিলের মতো আবাসিক প্রকল্পের মাধ্যমে রাজউক দুর্বৃত্ত তৈরি করেছে অভিযোগ করে তিনি বলেন, রাজউকের উচিত পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা তৃতীয় পর্বের জমি যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করে আবার তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে নিয়ে আবাসিক ভবন তৈরি করা। এতে পাঁচ বছরের মধ্যে ঢাকার আবাসন সমস্যা দূর হবে বলে তিনি মত দেন। ড্যাপ বাস্তবায়নের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রতি তিনি জোর দেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। ড্যাপ সম্পর্কে তিনি বলেন, আগের ড্যাপের তুলনায় নতুন ড্যাপে বেশ কিছু আধুনিক ধারণার সংযোজন হয়েছে। এর মধ্যে উন্নয়ন স্বত্ব প্রতিস্থাপন (টিডিআর) ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন খাল, জলাশয়, জলাভূমি, পুকুর সংরক্ষণ করা সম্ভব হবে। এ ছাড়া জনঘনত্ব নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন এলাকার এফএআর নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্লটভিত্তিক উন্নয়নকে নিরুৎসাহিত করে ব্লকভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করা হয়েছে। নতুন ড্যাপ বাস্তবায়নে রাজউকের সক্ষমতা বৃদ্ধির প্রতি জোর দিয়ে আদিল মুহাম্মদ খান বলেন, উন্নয়ন নিয়ন্ত্রণে রাজউকের নজরদারির দুর্বলতার অভিযোগ দীর্ঘদিনের। এ ক্ষেত্রে দুর্নীতি ও পেশিশক্তির কাছে রাজউকের আপস করার নজিরও আছে। রাজউক যত দিন আপস করবে, তত দিন যত ড্যাপই করা হোক, কাজে আসবে না।
সংলাপে ড্যাপের প্রকল্প পরিচালক ও রাজউকের নগর-পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ড্যাপ সারা ঢাকা মহানগরের সমন্বিত একটি পরিকল্পনা। ড্যাপের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে ইট-পাথরের ভবনের উচ্চতা। কিন্তু ভবনের উচ্চতাই ড্যাপ নয়, ঢাকা মহানগর যাতে বাসযোগ্য হয়, সে উদ্দেশ্যেই ড্যাপটি করা হয়েছে। ঢাকার রাস্তায় প্রতিদিন যানজট, বৃষ্টি হলে জলজট হয়, ৪০ শতাংশ তরুণদের খেলার মাঠ নেই, আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না—এসব সমস্যার যাতে সমাধান করা যায়, সে জন্য এ ড্যাপ করা হয়েছে। এবারের ড্যাপে প্রথমবারের মতো নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসনসুবিধা দিলে সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ৪০০ বছরের ঢাকা শহর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের মতো দ্বিতীয় কোনো পার্ক বা উদ্যান তৈরি করা যায়নি। কিন্তু এবারের ড্যাপের মাধ্যমে কেরানীগঞ্জে সাড়ে ৪০০ একর জায়গা নিয়ে পার্ক তৈরি করা হচ্ছে। ড্যাপ কোনো অপরিবর্তনীয় বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো বিষয় নিয়ে দ্বিমত থাকলে জনস্বার্থ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে ড্যাপ সংশোধন করা হবে। কিন্তু ব্যক্তি স্বার্থে ড্যাপে কোনো পরিবর্তন করা হবে না।
নগর সংলাপে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান, আইপিডির পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম, চৌধুরী মো. জাবের সাদেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুর রেজা প্রমুখ বক্তব্য দেন।