সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

পরীবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রের মৃত্যু

বাবার মোটরসাইকেলে জ্বালানি ভরতে পেট্রলপাম্পে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মো. ওয়াসিফ উল্লাহ নামের (২১) এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেলে পাঁচটার দিকে রাজধানীর শাহবাগসংলগ্ন পরীবাগ মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। ওয়াসিফ উল্লাহ ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ওয়াসিফ উল্লাহ মা-বাবার সঙ্গে পুরান ঢাকার নাজিরাবাজারের কাজী আলাউদ্দিন রোডে থাকতেন। তাঁর বাবার নাম সুরতউল্লাহ।

দুর্ঘটনা তদন্তকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে ওয়াসিফ উল্লাহ তাঁর বাবার মোটরসাইকেলে তেল নিতে পরীবাগের পেট্রলপাম্পে যাচ্ছিলেন। একপর্যায়ে পরীবাগ মোড়ে গুলিস্তান থেকে ছেড়ে আসা শিখর পরিবহনের একটি বাস পেছন থেকে ওয়াসিফ উল্লাহর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওয়াসিফ উল্লাহ ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। শিখর পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

ওয়াসিফ উল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।