প্লট দখলের অভিযোগে ডিএনসিসি মেয়র ও কাউন্সিলরকে আইনি নোটিশ

মিরপুর-১১ নম্বর সেকশনের প্যারিস রোড এলাকার এই মাঠে মাটি ভরাটের অভিযোগে নোটিশ দেওয়া হয় মেয়রকে
ছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরে প্লটের জায়গায় মাটি ভরাট করে জোরপূর্বক খেলার মাঠ তৈরি থেকে বিরত থাকতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলামকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গৃহায়ণ থেকে প্লট বরাদ্দ পাওয়া ৭ মালিকের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসমাইল খান।

গত সোমবার (৩ অক্টোবর) ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। মেয়রের কপি গুলশান-২ নম্বরে ঢাকা উত্তর সিটির নগর ভবনে এবং ওয়ার্ড কাউন্সিলরের কপি তাঁর মিরপুরের বাসা ও কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়।

নোটিশে মেয়র ও কাউন্সিলরকে প্লটমালিকদের জায়গায় জোরপূর্বক মাটি ভরাট করে খেলার মাঠ তৈরি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্লটমালিকেরা প্রতিষ্ঠানের (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গৃহায়ণ থেকে বরাদ্দ পাওয়া প্লটমালিকেরা জায়গাটি দখলে নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করেছেন। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর (২ নম্বর নোটিশ গ্রহীতা) প্লটমালিকদের জায়গাসহ পাশের জায়গায় বেআইনি, অন্যায় ও অবৈধভাবে খেলার মাঠ তৈরির জন্য জোরপূর্বক মাটি ভরাটের প্রস্তুতি নিচ্ছেন। জায়গাটিতে কোন আইন বলে জোরপূর্বক মাটি ভরাট করে খেলার মাঠ তৈরির পাঁয়তারা করছেন, তা বোধগম্য নয় বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ডিএনসিসি মেয়রের দপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে নোটিশের বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম বলেছেন, তিনি কোনো নোটিশ পাননি।

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের প্যারিস রোড এলাকায় ৩২ জন প্লটমালিককে বরাদ্দ দেওয়া জায়গাটি খেলার মাঠের জন্য দাবি করে ২৯ সেপ্টেম্বর আন্দোলন ও অনশন করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর জহিরুল ইসলামের আহ্বানে ওই আন্দোলনে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে মাঠের দাবিতে সংহতি জানান মেয়র আতিকুল ইসলাম। পরে মেয়রের নির্দেশে ওই জায়গায় জমে থাকা বর্জ্যের স্তূপ অপসারণ করা হয়। সেদিন কিশোরদের সঙ্গে সেখানে ফুটবলও খেলেন তিনি।

পরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ওই জায়গা বালু ও মাটি ফেলে ভরাট করা হয়। সেখানে একটি সাইনবোর্ড টাঙিয়ে তাতে লেখা হয়েছে, ‘শেখ ফজলুল হক মনি মাঠ’। সাইনবোর্ডে মাঠের বাস্তবায়নকারী মেয়র আতিকুল ইসলাম, প্রস্তাবকারী সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং সার্বিক তত্ত্বাবধানে কাউন্সিলর জহিরুল ইসলামের নাম লেখা।

এদিকে মাটি ভরাট নিয়ে গত রোববার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। ওই ডায়েরিতে প্লটের জায়গা কে বা কারা মাটি ভরাট করে দখলের পাঁয়তারা করছে বলে উল্লেখ করা হয়।