
রাজধানীর কমলাপুরের আবাসিক হোটেল আরাফাত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম পিপিসা ত্রিপুরা (২৬)। আজ সোমবার সকালে খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন বলেন, গতকাল রোববার পিপিসা উত্তর কমলাপুরের একটি হোটেলে ওঠেন। আজ সকালে ওই যুবক দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে দেখে, পিপিসার লাশ গামছা বাঁধা অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যা, সেটা তদন্তে বেরিয়ে আসবে।
হোটেলের রেজিস্ট্রার খাতায় পিপিসার ঠিকানা লিখা ছিল খাগড়াছড়ির সদর উপজেলার গোমতী গ্রাম। তাঁর বাবার নাম প্রতিরঞ্জন ত্রিপুরা।