ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান
ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসাতে নতুন এমডি, দুই বছরে দায়িত্বে সাতজন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।

মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর নিয়োগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে সপ্তম ব্যক্তি দায়িত্ব পেলেন।

বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে সচিব পদমর্যাদায় তাঁর চুক্তির অবশিষ্ট মেয়াদের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

সাবেক সচিব আমিনুল ইসলাম গত ১০ মার্চ ঢাকা ওয়াসার এমডি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। পরদিন ১১ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সেই হিসাবে সাড়ে পাঁচ মাসের কম সময় দায়িত্ব পালনের পর তাঁকে অন্য প্রতিষ্ঠানে সরিয়ে দেওয়া হলো। তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের মার্চে।

আওয়ামী লীগ সরকারের পতনের আগে টানা প্রায় ১৫ বছর ঢাকা ওয়াসার এমডি ছিলেন তাকসিম এ খান। সরকার পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি পদত্যাগ করেন। পরদিন ওয়াসার জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন এমডির দায়িত্ব নেন। তবে তাঁর দায়িত্ব নেওয়া নিয়ে আদালতে মামলা হয়।

এর প্রায় এক মাস পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়।

২০২৫ সালের ১৮ মে ফজলুর রহমানের জায়গায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। একই ব্যক্তি স্থানীয় সরকার বিভাগ, দক্ষিণ সিটি ও ঢাকা ওয়াসার দায়িত্ব পালন করায় তখন সমালোচনা তৈরি হয়েছিল। ওই বছরের ৩০ অক্টোবর তাঁকে স্থানীয় সরকার বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়।

এরপর ২০২৫ সালের ১১ নভেম্বর ঢাকা ওয়াসার কর্মকর্তা মো. আবদুস সালাম ব্যাপারীকে তিন বছরের জন্য এমডি নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের যোগ্যতা ও বাছাইপ্রক্রিয়া নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল। প্রায় চার মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ৮ মার্চ তিনি পদত্যাগ করেন।

আবদুস সালামের পদত্যাগের পর ৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়। তবে তাঁর দায়িত্ব ছিল খুবই সংক্ষিপ্ত। পরদিনই আমিনুল ইসলামকে এক বছরের চুক্তিতে এমডি নিয়োগ করে সরকার।

সে হিসাবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা ওয়াসার এমডি হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন এ কে এম সহিদ উদ্দিন, মো. ফজলুর রহমান, মো. শাহজাহান মিয়া, মো. আবদুস সালাম ব্যাপারী, মুহা. মনিরুজ্জামান ও মো. আমিনুল ইসলাম। নতুন নিয়োগ পাওয়া মো. মনিরুজ্জামান এই ধারাবাহিকতায় সপ্তম ব্যক্তি।