চিকিৎসকের ওপর হামলা

ঢামেকে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতরা আইনের আওতায় না আসায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তাঁদের কর্মবিরতি শুরু হয়। তাঁদের এই কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা ব্যক্তি ও তাঁদের স্বজনেরা।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত সোমবার রাতে মারধরের শিকার হন শিক্ষানবিশ চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেন৷ এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ।

সাজ্জাদ বলেছেন, হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত টি-শার্ট পরা ছিলেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। তবে তিনি তাঁদের কাউকে চিনতে পারেননি।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকায় রোগীর চাপ সামলানো যাচ্ছে না। অনেকেই চরম ভোগান্তিতে পড়েছেন। তখন অন্তত ১৫ জন রোগী জরুরি চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন। হাসপাতালে অন্তত ২০০ জন শিক্ষানবিশ চিকিৎসক সেবা প্রদান করেন। তাঁদের কর্মবিরতিতে এর প্রভাব পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকার কারণে রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়াটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জরুরি বিভাগে আসা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে না পারলে অনেক রোগীকে বাঁচানো যায় না। সাধারণত জরুরি বিভাগে একজন বা দুজন রোগীর চাপ থাকে। সেখানে ১৫ জন রোগী অপেক্ষায় থাকা অস্বাভাবিক।

জরুরি বিভাগের সামনে রাত ৮টার দিকে কথা হয় মুন্সিগঞ্জের নিমতলী থেকে আসা এক রোগীর স্বজন হিসেবে পরিচয় দেওয়া নাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মোটরসাইকেলের ধাক্কায় তাঁর শ্যালক অনিক হোসেন পায়ে আঘাত পেয়েছেন। পা ফুলে গেছে। হাঁটতে পারছেন না। পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কেটে বসে আছেন। তিন ঘণ্টা ধরে অসহ্য যন্ত্রণায় কান্না করছেন অনিক। কিন্তু এখনো প্রাথমিক চিকিৎসাই পাননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি মহিউদ্দিন জিলানী বলেন, ‘ঘটনার তিন দিন পরও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়নি। আমরা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। সেই সময় পার হলেও হামলাকারীদের শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চলবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির মধ্যে কিছুটা সমস্যা হচ্ছে। তবে রোগীদের চিকিৎসায় কোনো ঘাটতি যেন না হয় সে জন্য চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।