রাজউক ভবন
রাজউক ভবন

ত্রুটি দেখতে প্রতি মাসে ভবন পরিদর্শন করবে রাজউক  

ভবনের অগ্নিনিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে কি না বা ভবন নির্মাণে কোনো ত্রুটি আছে কি না, তা তদারকি করতে প্রতি মাসে এক–দুটি ভবন পরিদর্শন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বড় ধরনের ব্যত্যয় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে লোকজন ঠিকভাবে নিচে নেমে আসতে পারেন কি না অথবা ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ সহজভাবে করতে পারবে কি না, তা দেখতে আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় একটি ভবন পরিদর্শন করেন রাজউকের কর্মকর্তারা।

ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় ১৪ তলাবিশিষ্ট একটি ভবনে বেলা ১১টায় গিয়ে পৌঁছান রাজউকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। তাঁরা পুরো ভবন ঘুরে দেখেন। ওই ভবনে গিয়ে রাজউকের কর্মকর্তারা দেখেছেন, ভবনটির সামনের দিক দিয়ে পুরোটা গ্লাসে মোড়ানো, জেনারেটর ঠিকভাবে বসানো হয়নি এবং স্বয়ংক্রিয় সাবস্টেশন নেই। সামনের অংশ গ্লাসে আবদ্ধ থাকার কারণে ওই ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে পানি ছিটাতে পারবেন না, তাই সামনের অন্তত একটা গ্লাস খোলা যায়, এভাবে ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।

ভবন পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের প্রতিনিধি তানহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই ভবনের সামনের অংশে যেকোনো একটি গ্লাস খোলা রাখা দরকার ছিল। ওই ভবনে অটো সাবস্টেশনও প্রয়োজন।

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রন-১) মোহাম্মদ সামছুল হক বলেন, ভবনটি পরিদর্শন শেষে তাঁর কাছে মনে হয়েছে লিফটের সক্ষমতা কম। এ ছাড়া জেনারেটর ঠিকভাবে বসানো হয়নি।

রাজউকের এই পরিদর্শনে নেতৃত্ব দেন সংস্থাটির উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি বলেন, সেবামূলক সংস্থা হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে রাজউক। প্রতি মাসে এক থেকে দুটি ভবন পরিদর্শনে যাবে তারা।

এ সময় রাজউকের অন্য কর্মকমর্তারা উপস্থিত ছিলেন।