রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার বিকেলে বাড্ডার নতুন বাজার বেরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জুয়েল ফকির (৩০) ও শহিদুল সিকদার (৩৫)। এ ঘটনায় আহত তিনজন—মো. রেজাউল মোল্লা (৩০), মো. শাকিল আকন (৩২) ও ইলিয়াস (৩০)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জুয়েল ফকির পটুয়াখালীর বাউফল উপজেলার জৌতা গ্রামের মৃত আলাল উদ্দিন ফকিরের ছেলে। যাত্রাবাড়ীর নবীনগরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শহিদুল সিকদারও পটুয়াখালীর ওই গ্রামের আবদুল মোতালেব সিকদারের ছেলে। তিনি রাজধানীর মিরহাজিরবাগের একটি মেসে থাকতেন।

নিহত জুয়েলের চাচাতো ভাই লিটন ফকির বলেন, হতাহতরা এম এস করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছিলেন। এ সময় খুঁটির সংস্পর্শে আসে বৈদ্যুতিক তার। তখন দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আহত তিনজনকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা আশঙ্কামুক্ত।